নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ; গণপিটুনিতে নিহত ২
দৈনিক জামশা নিউজ ডেস্ক:
মানিকগঞ্জে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। এ হত্যাকান্ডের সাথে জরিত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন নিহতের ঘটনা ঘটেছে।
১৬ এপ্রিল, বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার সদর উপজেলার হাটিপারা ইউনিয়নের বনপারিল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা দৈনিক জামশা নিউজ 'কে জানায়-
বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপারা ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রীজ) এলাকা থেকে স্থানীয় দুদুল মিয়ার ৮ বছর বয়সী শিশু কন্যা আতিকা নিখোঁজ হয়। তার নিখোঁজ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে থাকে এবং এলাকায় মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করা হয় । অনেক খোঁজাখুঁজি করার পরেও সন্ধান মিলে না আতিকার। পরে রাত আনুমানিক ১০ টার দিকে বাড়ির পাশের এক ভুট্টা খেতে হাত-পা বাঁধা অবস্থায় আনিকার নিথর দেহ দেখতে পায় এলাকাবাসী। সর্বশেষ আতিকাকে পাশের বাড়ির নাঈমের সাথে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই নাঈমের তথ্যের উপর ভিত্তি করে বাকি আরো ৩ জন আসামির তথ্য পাওয়া যায়। লাশ উদ্ধারের পর থেকে নাঈম পলাতক।
এদিকে এ হত্যাকান্ডের সাথে জরিত থাকার অভিযোগে পিতাপুত্র সহ ৩ জনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। গণপিটুনিতে স্থানীয় অটোচালক পান্নু মিয়া এবং তার ছোট ভাই ফজলু নিহত হয়েছে এবং পান্নু মিয়ার ছেলে নাজমুল কে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বৃহস্পতিবার রাতেই মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরাম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়- ঘটনাস্থল থেকে শিশু সহ মোট ৩ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুর হত্যা এবং গণধোলাইয়ে নিহত উভয় ঘটনারই তদন্ত প্রক্রিয়াধীন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির সাথে থাকা স্বর্ণালঙ্কার লুট করার উদ্যেশ্যে প্রথমে অপহরণ এবং পরে হত্যা করা হয়েছে শিশুটিকে।

No comments